প্রশ্ন
মনে পড়ছে ২০২৪ এর জুলাই আগস্টের দিনগুলোর কথা। শেখ হাসিনার সরকার কী কাজে, কী বক্তব্যে একের পর এক ভুল করে যাচ্ছে আর বিরোধী পক্ষ সরকারকে আরও বেশি করে চেপে ধরছে। বাংলাদেশ দ্রুত গতিতে অনিশ্চয়তার দিকে ছুটে যাচ্ছে। ফলাফল শুধু শেখ হাসিনার সরকারের পতন নয়, একাত্তর থেকে শুরু করে মুক্তিযুদ্ধে বিজয়ী যে বাংলাদেশের কথা আমরা জানতাম, সেই বাংলাদেশের পতন।
ফেসবুকে দেখলাম সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সিপিবির ১০ জন নেতা কর্মীর বিরুদ্ধে শো কজ নোটিশ জারি করা হয়েছে পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। দেশ যখন বিপন্ন, শ্রমিক কৃষক যখন বঞ্চিত, মুক্তিযোদ্ধারা যখন লাঞ্ছিত, যখন দেশপ্রেমিক শক্তির ঐক্য সময়ের দাবি তখন এই পদক্ষেপ পার্টির অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ বলেই মনে করি। ৭ নভেম্বর মহান অক্টোবর বিপ্লব দিবসে এ ধরণের সংবাদ শুনে মনে হল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বিপ্লবের ছদ্মবেশে প্রতিবিপ্লব ঘটাতে চাইছে।
আশা করি এই উপদলীয় কোন্দল বন্ধ করতে উভয়পক্ষ নিজ নিজ শক্তি প্রদর্শন করা থেকে বিরত থাকবে ও আলোচনার মাধ্যমে সমঝোতায় আসবে। ভাঙনের সময় আরও পাবেন। এখন নিজেদের মধ্যে ঐক্য অটুট রাখা পার্টির ঐতিহাসিক দায়িত্ব। বর্তমান কমিটিকে স্মরণ রাখতে হবে যে ভবিষ্যতে কাদের শো কজ নোটিশ দেয়া হয়েছিল বা কাদের বহিষ্কার করা হয়েছিল এটা কেউ মনে রাখবে না, কাদের সময় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল সেটাই সবাই মনে রাখবে। আজকের বিজয় ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে পরিচিত হবে আর তার নায়ক হবে বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটি। যে একাগ্রতা, যে দৃঢ়তা দিয়ে আপনারা একে অন্যের বিরুদ্ধে লড়াই করছেন তার অর্ধেক দিয়ে আপনারা যদি সম্মিলিত ভাবে দেশের প্রধান শত্রু ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে লড়াই করতেন সেটা বাংলাদেশের ইতিহাসে আপনাদের নাম উজ্জ্বল করে লিখে রাখত। কিন্তু পার্টির ভাঙন শুধু নেতাদের নয় পার্টিকেই ইতিহাসের আঁস্তাকুড়ে ছুঁড়ে ফেলবে। আমরা সেটা চাই না। আপনারা কি সেটা চান?
মস্কোর পথে, ০৮ নভেম্বর ২০২৬
Comments
Post a Comment