গুজবের মহামারী
রাশিয়ার ইরকুতস্ক শহরে এক ল্যাবরেটরির এক কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে দুনিয়া তোলপাড়। মানে বহির্বিশ্ব। এর মধ্যে বেশ কয়েক জন বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন ফোন করে জানতে চেয়েছে আমরা সব ঠিকঠাক আছি কিনা। আসলে মস্কো থেকে ইরকুতস্ক এত দূর যে ওখানে থেকে ভাইরাস মস্কো আসার আগেই বাংলাদেশ ভারত চলে যাবে যদি ভিসা না থাকায় বা ঘুষ না দেয়ায় কাস্টমসে ওদের আটকে না দেয়। যাহোক, মনে হয় এ নিয়ে দুই কলম লিখে বন্ধুদের আসল খবর জানানো দরকার।
২০২৬ সালের ০২ অক্টোবর ইরকুতস্কের শেলেখভস্কি আঞ্চলিক হাসপাতালে দারিয়া নামে এক মেয়ে মারা যায়। সে ছিল রোগ জীবাণু নিয়ে গবেষণা করে এমন এক ল্যাবরেটরির কর্মী। ডাক্তারদের ভাষ্য মতে এর কারণ ছিল নিউমনিয়া। বুরিয়াতির প্রধান এটাকে ফুসফুসের প্লেগ (Yersinia pestis) বলে সন্দেহ প্রকাশ করেন, কিন্তু ভোক্তা তত্ত্বাবধায়ক সংস্থা এই তথ্য অস্বীকার করে জানায় যে পরীক্ষায় দারিয়ার পেশাগত কাজের সাথে জড়িত কোন বিপদজনক জীবানুর অস্তিত্ব পাওয়া যায়নি। সামাজিক মাধ্যমে খবর প্রকাশিত হয় যে দারিয়া অসাবধানতাবশত একটি টেস্ট টিউব ভেঙ্গে ফেলে যেখানে প্লেগের জীবানু ছিল। তবে সরকার ও দায়িত্বপ্রাপ্ত কোন সংস্থা এর গুজবের সমর্থনে কোন বক্তব্য দেয়নি। যারা দারিয়ার সাথে কনটাক্টে আসতে পারে এমন প্রায় ২০০ লোককে কারেনটেইনে রাখা হয় ও পাঁচ হাজারের বেশি টেস্ট করা হয়। ইতিমধ্যে ৯০% এর বেশি লোকের পরীক্ষা শেষ হয়েছে, কিন্তু এদের কারও মধ্যে ইনফেকশনের কোন আভাস পাওয়া যায়নি। দারিয়ার মৃত্যু সংবাদ বিশ্ব সাস্থ্য সংস্থাকে অবহিত করা হয়। তারাও নিজেদের দিক থেকে কোন রকম এপিডেমির অনুপস্থিতির কথা সমর্থন করে।
নিজের দিক থেকে বলতে পারি রাশিয়ায় এ ধরণের যেকোনো ঘটনা খুবই গুরুত্বের সাথে নেয়া হয়। এখানকার এপিডেমি সংস্থা খুবই শক্তিশালী ও স্বাধীনচেতা। তাদের যেকোনো ভেরডিক্ট সরকারের যেকোনো পর্যায়ে মানতে বাধ্য। তাই যদি সত্যি সত্যিই প্লেগের প্রাদুর্ভাব দেখা দিত তাহলে সারা দেশ না হলেও বড় বড় শহরগুলো আংশিক ভাবে হলেও বন্ধ করে দেয়া হত। নিয়ন্ত্রিত হত রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাফেরা।। এসবে অনুপস্থিতি থেকে ধারণা করা যায় যে প্লেগের খবরটি গুজব।
মস্কোর পথে, ১১ অক্টোবর ২০২৬
Comments
Post a Comment