মোর ভাবনারে
সেপ্টেম্বরের মাঝামাঝিটা রাশিয়ায় এক অদ্ভুত সময় । গ্রীষ্ম যাই যাই করেও যায়নি একেবারে । আবার শীতও সুযোগ পেলেই শরতের জানালা গলিয়ে নিজের নাকটা ঢোকাতে কসুর করে না । আমার অভ্যেস শীত গ্রীষ্ম সব সময়েই ব্যালকনির দরজা খুলে ঘুমানো । এখন রাতে ঠাণ্ডা পড়ে । তাই সকালে লেপের নীচে শরীরের ঘুম যখন ভাঙ্গে মনে হয় মাথাটা যেন এই মাত্র ডীপ ফ্রিজ থেকে বের করে এনেছে কেউ আর হাত দুটো, যারা লেপের নীচ থেকে রাত দুপুরে বেড়িয়ে গেছিল হাওয়া খেতে মনে হয় যেন মরা মানুষের হাত । আমি রাতের বেলায় বই পড়তে পড়তেই ঘুমিয়ে পড়ি আবার ঘুম ভাঙ্গলে বই নিয়ে বসি । একটু পড়ি, মেইল চেক করি, ফেসবুকে ঢুঁ দেই । আজ সকালে উঠেই হোয়াটস অ্যাপে এক সংগৃহীত লেখা পেলাম । হয়তো ধর্ম বা ধর্ম গ্রন্থের বিভিন্ন গল্প বা রূপকথাকে যুক্তি দেওয়ার অপচেষ্টা, তবে যুক্তি ফেলনা নয় । তাই ভালো লাগল । ওটা ছিল ছেলে আর মায়ের কথোপকথন । ছেলে মাকে ডারউইনের কথা শোনাচ্ছে আর মা ছেলেকে পুরাণের গল্প । মা বলছেন দশ অবতারদের কথা – মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, কৃষ্ণ আর অনাগত কল্কির কথা । অজ্ঞাত কারণে অবশ্য বুদ্ধ এই তালিকা থেকে বাদ পড়েছে...