১১ সেপ্টেম্বর
১১ সেপ্টেম্বর ২০০১। তখন সামাজিক মাধ্যম ছিল না বললেই চলে। ইন্টারনেট ব্যবহার করতাম মূলত গবেষণার কাজে আর চিঠিপত্র লিখতে। এর বাইরে মাঝে মধ্যে অনলাইনে ক্রিকেটের খবর পড়তাম ক্রিকইনফো থেকে, বিবিসি, সিএনএন, হিন্দু এসব সাইটে দেশ বিদেশের খবর পড়তাম।
আমি অফিস থেকে বেরুতাম ছয়টার পরে। মনিকাকে স্কুল থেকে নিয়ে বাসায় ফিরতাম একসাথে। সেদিন এরকম বসে বসে কাজ করার ফাঁকে হঠাৎ হিন্দুতে দেখলাম ইউ ইয়র্ক আক্রমণের খবর। ব্যবস্ততার কারণে তেমন মনোযোগ দেইনি। বলতে গেলে আসলে বুঝতেই পারিনি কি হচ্ছে। শুধু সেই বিখ্যাত ছবি আর দুই চার লাইন কমেন্টারি। আসলে এরকম আক্রমণ যে হতে পারে সেটা ছিল কল্পনার বাইরে। তাই গুরুত্ব দেইনি।
সে সময় ভ্লাদিমির মিখাইলোভিচ দুবোভিক থাকতেন মনিকার স্কুলের পাশেই। কি মনে করে ওনার বাসা হয়ে যাওয়া ঠিক করলাম। ঢুকতেই উনি বলে উঠলেন তৃতীয় বিশ্ব যুদ্ধ শুরু হয়ে গেল মনে হয়। টিভি পর্দায় দেখা যাচ্ছিল নিউ ইয়র্কে জ্বলন্ত টুইন টাওয়ার। হঠাৎ যেন আমার স্বাভাবিক চিন্তাশক্তি লোপ পেল। একটাই চিন্তা এখন কিভাবে মনিকাকে নিয়ে বাসায় ফিরব। বাসা মোটামুটি এক কিলমিটার দূরে। ওখানে গুলিয়া, আন্তন আর ক্রিস্তিনা।
কিছুক্ষণ পরে মনে হল তৃতীয় বিশ্ব যুদ্ধ শুরু হলেও তার রেশ এখানে আসতে অনেক সময় লাগবে। যদিও বুঝতে পারছিলাম সেটা শুরু হলে কেউ পালাতে পারবে না, হবে পারমাণবিক যুদ্ধ আর সেটা হবে এমন স্কেলে যা আমাদের কাছে অকল্পনীয়। আসলে প্রথম দিকে কে বা কারা আক্রমণ করল এসব কিছুই পরিষ্কার বোঝা যাচ্ছিল না। সময়ের সাথে সাথে অনেক কিছু পরিষ্কার হল। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট বুশকে সমবেদনা জানালেন ও সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন। তখনও আমরা সেল ফোনের যুগে প্রবেশ করিনি, সেটা ছিল বিলাসিতা ও ব্যয়বহুল। বেশ কিছুক্ষণ পরে মনিকাকে নিয়ে আমি বাসার দিকে হাঁটতে শুরু করলাম। ফিরে দেখি গুলিয়াও বোঝার চেষ্টা করছে কি হচ্ছে বিশ্বের অন্য প্রান্তে।
অনেকেই বলে ১১ সেপ্টেম্বর ২০০১ আমাদের জীবন বদলে দিয়েছে। সত্যি কি তাই? আমার ধারণা ছিল এরপর আমেরিকা তার বিদেশ নীতি পরিবর্তন করবে, দেশে দেশে মৌলবাদী ও সন্ত্রাসবাদীদের উপর থেকে সমর্থন তুলে নেবে। আল কায়েদার মত আর কোন মনস্টার তৈরি করবে না। কিন্তু সেটা হবার নয়। পরে আরও ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে ইসলামিক স্টেট আমেরিকার সমর্থন পুষ্ট হয়ে। কিছুই বদলায় না। ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। মানুষের অর্থ ও ক্ষমতার লোভ তাকে অন্ধ করে রাখে। সে শুধু অন্যকে নিজের মত করে বদলাতে চায় কিন্তু নিজেকে বদলায় না। দেশও তো মানুষই।
দুবনা, ১১ সেপ্টেম্বর ২০২৬
Comments
Post a Comment