যোদ্ধা
বিশিষ্ট সাংবাদিক, লেখক ও মুক্তিযোদ্ধা প্রফেসর মঞ্জুরুল হক মারা গেলেন। কোন দিন দেখা হয়নি তবে সোভিয়েত ইউনিয়নে লেখাপড়া করার সুবাদে তিনি আমার সোভিয়েততুতো ভাই। মঞ্জু ভাই। ফেসবুকের পাতায় পরিচয়, তবে ফেসবুক বন্ধু নয়। ওনার লেখা ভালো লাগত, তাই টাইম লাইনে এলে নিয়মিত পড়তাম। জাপানে থাকতেন। অধ্যাপনা করতেন। সোভিয়েত ফেরৎ প্রচুর লোকজন এখন উন্নত বিশ্বের বাসিন্দা। সোভিয়েত সমাজের পাশাপাশি পুঁজিবাদী বিশ্ব ভেতর থেকে দেখার সুযোগ তাদের হয়েছে। আর সেই অভিজ্ঞতার ভিত্তিতে অনেকেই সোভিয়েত ব্যবস্থার বড় সমালোচক হয়েছে। মঞ্জু ভাইয়ের লেখা পড়ে সোভিয়েত ইউনিয়নের প্রতি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি তাঁর ভালোবাসার কথা অনুভব করেছি। তিনি বারবার প্রমাণ করেছেন যে এমনকি পুঁজিবাদের চাকচিক্যের মধ্যে বসবাস করেও সমাজতান্ত্রিক আদর্শ ধারণ করা যায়, তার পক্ষে কথা বলা যায়। যতদূর জানি শুধু একাত্তরেই নয়, শেষ দিন পর্যন্ত আপনি দূরারোগ্য ব্যাধির সাথে লড়াই করে গেছেন। আপনার নতুন লেখার অনুপস্থিতি উপলব্ধি করব। তবে পুরানো লেখার মধ্য দিয়ে আপনি স্মৃতিতে অম্লান থাকবেন মঞ্জু ভাই।
কাজানের পথে, ২৩ নভেম্বর ২০২৬
Comments
Post a Comment