মূষিক
ছোটবেলায় এরকম একটি গল্প পড়েছিলাম। এক মুনির আশ্রমে এক মূষিক মানে ইঁদুর বাস করত। একদিন সে মুনিকে বলল যে বিড়ালকে তার বড্ড ভয়। মুনি তাকে বিড়াল বানিয়ে দিলে জীবনটা নির্ভয় হয়। কি আর করা। মুনি তাকে বিড়াল বানিয়ে দিলেন। এরপর একদিন সে কুকুরের ভয়ে ঘুমুতে পারে না জানালে মুনি ওকে কুকুরের রূপ দিলেন। কিন্তু নেকড়ের উৎপাতে কুকুরের নাভিশ্বাস উঠলে মুনি তাকে নেকড়ে বানিয়ে দিলেন। এরপর বাঘের ভয় থেকে রেহাই পেতে নেকড়ে বাঘ হল। কিন্তু সিংহের হাত থেকে বাঘকে বাঁচাবে কে? তাই মুনি তাকে সিংহের রূপ দিলেন। সিংহ রূপী ইঁদুর ভাবল সে সবচেয়ে শক্তিশালী। মুনি ছাড়া আর কেউ জানে না তার অতীত কাহিনী। তাই সে মুনিকে হত্যা করতে উদ্যত হল। মুনিও মন্ত্রবলে সিংহকে আবার ইঁদুরে পরিণত করলেন।
জেলেনস্কি হল সেই মূষিক যাকে পশ্চিমা বিশ্ব সিংহ বানিয়েছে। তবে মুনির মত অলৌকিক শক্তি বা ইচ্ছে তাদের নেই, ফলে জেলেনস্কি সিংহের মত তর্জন গর্জন করে পশ্চিমা বিশ্বের নেতাদের বাধ্য করছে অর্থ ও অস্ত্র দিয়ে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করতে। যুদ্ধ এখন তার ক্ষমতা টিকিয়ে রাখার একমাত্র উপায়। নিরূপায় কিন্তু অন্তহীন চাহিদার মানুষ নিয়ে সবসময়ই বিপদ। টানতেও কষ্ট, ফেলে দিতেও কষ্ট।
দুবনা, ২৮ জুলাই ২০২৬
Comments
Post a Comment