শোক হোক শক্তি
আজ ১৫ আগস্ট বাংলাদেশের জাতীয় শোক দিবস আর একই সাথে ভারতের স্বাধীনতা দিবস। সম্পূর্ণ বিপরীতধর্মী হলেও দুটো ঘটনা একই সুতোয় বাঁধা। ১৯৪৭ সালে ভারত বিভাগ না হলে আদৌ কি বাংলাদেশের জন্ম হত, অবিভক্ত বাংলায় শেখ মুজিব কি হতে পারতেন সমস্ত বাঙ্গালির অবিসংবাদী নেতা? সে কথায় না গিয়ে এখানে ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট নিয়ে দুটো কথা বলব। এখনো চোখের সামনে ভাসে সেই দিনটির ঘটনা। আমি তখন ক্লাস সিক্সের ছাত্র। প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় বাজারে এ খবর শোনা, অবিশ্বাস আর পাগলের মত দৌড়ে বাড়ি ফেরা যদি বিবিসি বা আকাশবানী অন্য খবর দেয়। না, ওরা নতুন কিছু বলেনি। সারা বাড়িতে নেমে এসেছে বিষণ্ণতার ছায়া। এখন মাঝে মধ্যে ভাবি কেন এমন হল? কোথায় কি ভুল হয়েছিল? ১৫ আগস্ট শুধু শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা হয়নি, হত্যা করা হয়েছিল বাংলাদেশকে। হ্যাঁ, বাংলাদেশকে যাকে স্বাধীন করতে মাত্র চার বছর আগে বাংলার তিরিশ লাখ মানুষ প্রান দিয়েছে আর ইজ্জত হারিয়েছে দুই লক্ষ মা ও বোন। অবিভক্ত ভারত ভেঙ্গে পাকিস্তানের জন্মে শেখ মুজিবসহ তৎকালীন অনেক নেতারাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নতুন দেশে এই এলাকার মানুষ অনেক সুখে শান্তিতে থাকবে এই আশায়। তবে...