ধারাবাহিকতা?

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ইদানিং বাজার সরগরম। বিএনপির এক নেতা শুনলাম বলেছেন শেখ হাসিনা ১৭ বছরে যা পারেননি তারেক রহমান মাত্র দুই মাসে সেটা করেছেন। আরেকজন বলেছেন বেগম জিয়ার স্বপ্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারেক রহমানের হাতে বাস্তব রূপ পেয়েছে। শেখ হাসিনাকে যেমন আওয়ামী লীগের নেতাকর্মীরা চাটুকারিতার বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে সেই খেলায় মেতে উঠেছে বিএনপির নেতাকর্মীরাও। ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। তবে কিছু কিছু ক্ষেত্রে বিএনপির ধারাবাহিকতা ঈর্ষণীয়। ক্ষমতায় বসার দুই মাসের মাথায় রূপপুর এক ইউনিটের কাজ শুরু হওয়ায় আগের এক যুগের বেশি সময়ের কাজকে অস্বীকার করা আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই যুগের বিরামহীন রাজনৈতিক লড়াইকে একটি মাত্র স্বাধীনতার ঘোষণা দিয়ে প্রতিস্থাপন করা - এই দুই ঘটনার মধ্যে খুব বেশী পার্থক্য নেই। পঁচাত্তরের পর যেমন শেখ মুজিবকে দেশ থেকে রাজনৈতিক ভাবে নির্বাসন দেয়া হয়েছিল ঠিক একই ভাবে আজ বাংলাদেশের ইতিহাস থেকে শেখ হাসিনাকে নির্বাসন দেবার চেষ্টা চলছে। হীনম্মন্যতা আর যা-ই করুক কাউকে মহান করে না। অন্যের অবদান অস্বীকার করে মানুষের চোখে ধুলো দেয়া যায়, নিজে বড় হওয়া যায় না, বরং যারা বলেন দৈত্যদের কাঁধে বসে আছেন বলেই আজ অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন তারাই মহান, তারাই একেকজন নিউটন, আইনস্টাইন। ভালো ও সৎ হবার জন্য আগে সত্যবাদী হতে হয়, মিথ্যার আশ্রয় নিয়ে ভালো ও সৎ হওয়া যায় না। অসৎ রাজনীতিবিদ দেশ ও দশকে পথ দেখাতে পারে না।

মস্কোর পথে, ০৩ মে ২০২৬

Comments

Popular posts from this blog

প্রশ্ন

সিপিবি কংগ্রেস

রিংকু