সমস্যা
বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রধান সমস্যা হল সত্যিকার অর্থে দেশপ্রেমিক রাজনৈতিক দলের অনুপস্থিতি। বলব না যে দেশপ্রেমিক দল নেই বা রাজনৈতিক দলগুলো দেশকে ভালোবাসে না। কিন্তু সমস্যা হল সবাই দেশকে ভালোবাসে নিজের শর্তে, পুরুষতান্ত্রিক সমাজে অনেকটা বিয়ে করার মত। সব অধিকার পুরুষের। কোন কারণে পুরুষ নারীকে ছাড়তে বাধ্য হলে সে তাকে বের করে দেয় এক কাপড়ে। একই অবস্থা দেশের ক্ষেত্রেও। কিছু কিছু লোক আছে যারা জমি বর্গা নিয়ে চাষ করে আর সেটা এমনভাবে করে যেন যদি জমি কোন কারণে হাতছাড়া হয়ে যায় তাতে যেন এমনকি ঘাস পর্যন্ত না গজায়। আমাদের রাজনৈতিক দলগুলো ঠিক একই ভাবে কাজ করে, তা সে বড় দল হোক আর ছোট দল হোক, বুড়ো দল হোক আর শিশু দল হোক। আমরা কথায় কথায় গণতন্ত্র, সুশাসন, সমান অধিকার এসব বুলি আওড়াব আর ক্ষমতা পেলেই আগের চেয়েও নৃশংস ভাবে অন্যদের অধিকার খর্ব করব – এটাই সবার চলার একমাত্র রোড ম্যাপ। এটা অনেকটা ঐশী বাণী। কেউ এ থেকে এক চুল নড়তে রাজি নয়। ফলাফল – অসন্তোষ, বিদ্রোহ, অস্থিতিশীলতা। আসলে মানুষের যখন নিজের অধিকার আদায়ের, নিজের কথা বলার আইনি সুযোগ থাকে না, তখনই সে বেআইনি উপায় বেছে নেয়। মুগুরে ভরসা করে কিছু দিন চলা যায় কিন্তু চিরকাল নয়। দশ দিন চোরের একদিন গৃহস্থের। আর দেশের গৃহস্থ দেশের জনগণ।
দুবনা, ৩০ জানুয়ারি ২০২৬
দুবনা, ৩০ জানুয়ারি ২০২৬

Comments
Post a Comment