দোষ

আমরা নিজেদের অনেক দোষ ঠিক দোষ মনে করি না, অভ্যাস বলে চালিয়ে দেই, এমনকি নিজেরা যদি একই কারণে অন্যদের সমালোচনা করিও। আমিও ব্যতিক্রম নই। মানুষ মাত্রই ভুল করে। আর যখন ভুল করি তখন নিজেকে মানুষ বলে দাবি করার একটা অজুহাত পাই। 
গতকাল সাফল্য নামে রান্না নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। তাতে বেশ কিছু রুশ শব্দ ছিল। যুৎসই বাংলা শব্দ না পেয়ে ওভাবেই রেখে দিই। তবে ওটা যে খাবারের স্বাদ নষ্ট করতে পারে সেটা মনে হয়নি। সব্যসাচী দা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। আসলে যেটা আমাদের কাছে বোধগম্য সেটা অন্যেরা বুঝতে পারবে তা আমরা ধরেই নেই। তাই এসব নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন খুব একটা মনে করি না। কিন্তু আজকে সব্যসাচী দার মন্তব্য দেখে মনে হল ধারণাটা কত ভুল। কারণ দু একটা অচেনা শব্দ দুধে একফোঁটা লেবুর রসের মত সমস্ত ব্যাপারটাকে মাটি করে দিতে পারে। এমনকি ঐ সব শব্দের অর্থ না জেনে যদি পড়াও যায় মনে খুঁত খুঁত ভাব থেকেই যাবে। আমি নিজেও অনেকের অনেক লেখায় অজানা আরবি শব্দ দেখে বিরক্ত বোধ করি সঠিক ভাবে বাক্যের অর্থ বুঝতে পারি না বলে। অথচ নিজে অবলীলায় রুশ শব্দ ব্যবহার করি লেখায়। হ্যাঁ, আত্মসমালোচনা করা সহজ কাজ নয়। আরোও কঠিন সেই উপলব্ধি কার্যকর করে নিজেকে সংশোধন করা।

দুবনা, ২২ এপ্রিল ২০২৬

Comments

Popular posts from this blog

প্রশ্ন

সিপিবি কংগ্রেস

রিংকু