ভাবনা

দেশে থাকতে রাজনীতির খবর রাখতাম, তবে এখন ইন্টারনেটের কল্যাণে ক্ষমতাসীনদের বোকামির খবর যত পাই আগে তত পেতাম না। 

আওয়ামী লীগের আমলেও অনেক মন্ত্রী প্রতিমন্ত্রীর কথা শুনে মনে হয়েছে এরা বোবা হলে দেশের উপকার হত। আরো মনে হয়েছে "মুখ খুললেই মূর্খতা উপচে পরে" জাতীয় প্রতিযোগিতায় এরচেয়ে যোগ্য লোক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এসব বিষয়ে স্বর্ণ গর্ভা বাংলাদেশ। কী ইউনূস শাহীর সময়, কী বর্তমান মন্ত্রিসভায় - কিছু কিছু মন্ত্রীরা যেন নিজেদের খেলো করার প্রতিযোগিতায় নেমেছে। অনেকটা "যেমন পার তেমন সাজ"র মত, যে যত উদ্ভট পোশাক পরবে তার জেতার সম্ভাবনা তত বেশি, তেমনি যে যত উদ্ভট ও অবান্তর কথাবার্তা বলবে সে-ই যেন সবচেয়ে যোগ্য নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। এরা ভুলে যায় যে এরা গবেষক নয় যে নতুন কোন তত্ত্ব আবিষ্কার করবে, এরা নির্বাহক যাদের কাজ দেশে দেশে দীর্ঘদিনের অভিজ্ঞতার মধ্য দিয়ে সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে যে সব সফল মডেল গড়ে উঠেছে নিজের দেশের বিশেষত্বের দিকে নজর দিয়ে তার সফল প্রয়োগ ঘটিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়া। কিন্তু আমাদের বেশিরভাগ মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা ভালো ছাত্র হবার চেয়ে খারাপ শিক্ষক হওয়াটা বেশি সম্মানজনক বলে মনে করে। যেহেতু শিক্ষক হিসেবে তাদের পরীক্ষা দিতে হয় না তাই তারা ফেল হয়তো করে না, তবে তাদের ছাত্ররা মানে জনগণ আজীবন তাদের ব্যর্থতার ফল ভোগ করে।

মস্কো, ১৯ এপ্রিল ২০২৬

Comments

Popular posts from this blog

প্রশ্ন

সিপিবি কংগ্রেস

রিংকু